
চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামে বিয়ের প্রলোভনে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ছাত্রীর মা।
জানা যায়, পশ্চিম সকদী গ্রামের বেড়ির ভেতরে ইউসুফ মিজির ছেলে মহিন মিজি (২৬) কর্তৃক একই এলাকার মাদ্রাসা পড়ুয়া ৮ম শ্রেণীর ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষিতার মাতা ৩ জনকে আসামী করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলো : ধর্ষক মহিন মিজি, তাকে সহযোগিতাকারী মিজান গাজী ও ফারজানা বেগম। কিন্তু মামলা হওয়ার পর পর একটি চক্র ধর্ষিতার পরিবারকে চাপ প্রয়োগ করছে মামলা তুলে নেয়ার জন্যে। ঐ চক্রটি এখন সালিস বৈঠক করে অর্থের বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার পাঁয়তারা করে আসছে। আবার কেউ কেউ বলেছেন ৪ লাখ টাকার বিনিময়ে সমাধান করা হয়েছে। আর মামলা হওয়ার পর পর ধর্ষক মহিন মিজি অন্য এক জায়গায় বিয়ে করে ফেলেছে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। ধর্ষণকারী অর্থশালী ও তার আত্মীয়স্বজন প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়নি। এ ব্যাপারে সচেতন মহল প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
