দেশের সীমান্ত এলাকায় দীর্ঘ দুই বছর পালিয়েও শেষ রক্ষা হয়নি ঝুটন বেপারীর। ডাকাতি ও মাদক মামলার এই আসামিকে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। আলোচিত এই আসামির বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জের বিষকাটালি গ্রামে।
ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, গ্রেপ্তার এড়াতে সিলেটের কোম্পানীগঞ্জে ভারতীয় সীমান্ত এলাকায় গাঢাকা দিয়েছিল ঝুটন বেপারী (২৮)। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি ডাকাতি ও মাদকের দুইটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গত দুই বছর আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। কিন্তু পুলিশ ঝুটন বেপারিকে খুঁজে পাচ্ছিল না।
ওসি আরো জানান, অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক নাজমুল হাসান একদল পুলিশ নিয়ে ভারতীয় ওই সীমান্ত এলাকায় অভিযান চালান। সেখানে একটি বাড়িতে আত্মগোপনে থাকা পলাতক ঝুটন বেপারীকে ধরা হয়। বৃহস্পতিবার দুপুরে এই অভিযানের পর তাকে রাতেই নিয়ে আসা হয় থানায়।
জানা গেছে, ফরিদগঞ্জের বিষকাটালি গ্রামের বাচ্চু বেপারীর ছেলে এই ঝুটন বেপারী। সে এলাকার একজন চিহ্নিত অপরাধী। ডাকাতি, মাদকসহ নানা অপরাধে জড়িত এই ঝুটন বেপারী।
