
চাঁদপুর শহরে দিনে দুপুরে চুরির ঘটনা অব্যাহত রয়েছে। গত ২দিন শহরের প্রায় ৭টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন পাকা মসজিদের সামনে বেশ কয়েকটি বাসায় চুরি হয়েছে। বাসায় কোনো মানুষ না থাকায় চোরের সিন্ডিকেট একই সময় ওই এলাকার অ্যাডঃ জহিরুল ইসলামের বাসা ও শেখ প্যালেসের কয়েকটি রুমে চুরি করে। চোরের দল এ সময় ওই বাসাগুলো থেকে প্রায় ৬ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকার মতো নিয়ে যায়।
সুকনা ভিলার মালিক অ্যাডঃ জহিরুল ইসলাম জানান, সকাল বেলায় তার স্ত্রী কলেজে যান। আর তিনি কোর্টে চলে আসেন। এ সময় চোরের দল তার ঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্রসহ নগদ টাকা নিয়ে যায়। ওই সময় পার্শ্ববর্তী ওয়ালটন শো রুমের সার্কিট ক্যামেরায় দেখা গেছে, একটি লোক লুঙ্গি পরা অবস্থায় একটি ব্যাগ নিয়ে উপরে উঠে। তাকে আর নামতে দেখা যায় নি।
উল্লেখ্য, গত ২দিন ধরে শহরের বাসা-বাড়িতে এ চুরির ঘটনা ঘটছে। গতকালকের চুরিগুলো হয়েছে খোদ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে।
