স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা প্রশাসন ও কম্পিউটার সমিতির যৌথ আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী ও কম্পিউটার মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের সময় বদলে যাচ্ছে, বদলে যাচ্ছে জীবন ও সংস্কৃতি। যদি চিন্তা ও চেতনাকে পরিবর্তন করতে না পারি তাহলে সর্বক্ষেত্রে পিছিয়ে যাবো। আলোর মহাসড়কে আমাদের উঠতে হবে। পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নূরুল্লাহ নূরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আমির জাফর। আরো বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মোঃ মাকসুদুল আলম, চাঁদপুর কম্পিউটার সমিতির সভাপতি ফিরোজ আহম্মেদ সুমন। অনুষ্ঠানের শুরুতে বর্তমান সরকারের ডিজিটাল প্রযুক্তি বাস্তবায়নে রাষ্ট্র ও জনগণের করণীয় শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন পুরাণবাজার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রতন কুমার মজুমদার। উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা শেষে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে ও জেলায় বিভিন্ন ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের সচিব ও কর্মকর্তাদের সাতটি বিভাগে সনদপত্র ও পুরস্কার তুলে দেয়া হয়।

