
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে প্রত্যেক জেলায় একজন করে চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ করা হবে। পরবর্তীতে প্রত্যেক উপজেলায় একজন করে নিয়োগ দেয়া হবে। মন্ত্রী গত ৫ সেপ্টেম্বর সকালে সিআরআই এবং ইয়ং বাংলার আয়োজনে ‘লেটস টক অন ইয়ুথ এডুকেশন এন্ড স্কিলস’ শীর্ষক এক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আলোচনায় আরও যুক্ত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খানসহ তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষামন্ত্রী বলেন, সবার জন্যে উচ্চশিক্ষা প্রয়োজন কি না তা ভাবার সময় এসেছে। প্রতিবছর ২০ থেকে ২৬ লক্ষ তরুণ শ্রমবাজারে যুক্ত হচ্ছে। এ বিপুলসংখ্যক তরুণ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ হয়ে শ্রমবাজারে প্রবেশ করছে কি না তা দেখার সময় এসেছে। আমাদের জাতীয় স্বপ্ন ২০৪১ সালের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ এবং আন্তর্জাতিক কমিটমেন্ট এসডিজি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় মানসম্মত ও দক্ষতানির্ভর কারিগরি শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। সরকার কারিগরি শিক্ষাকে মেইনস্ট্রিমিং করার লক্ষ্যে নবম ও দশম শ্রেণীতে প্রত্যেক শিক্ষার্থীর জন্যে একটি করে ট্রেড কোর্স বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে।
ইমরান আহমদ বলেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষসহ দেশের প্রায় ১৮টি মন্ত্রণালয় ও সংস্থা দক্ষতা উন্নয়নে কাজ করে। এ সকল সংস্থার মধ্যে সমন্বয় খুবই জরুরি।
চাঁদপুর নিউজ সংবাদ
