স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে প্রশাসনের অনুমতি ছাড়াই মেলার আয়োজন করছে স্থানীয় কিছু যুবক। আর এজন্যে বড় স্টেশন মোলহেডের রক্তধারার সামনে স্থাপন করা হচ্ছে পুতুল নাচের প্যান্ডেল। গতকাল সরজমিনে গিয়ে দেখা যায়, অস্থায়ীভাবে টিনের বাউন্ডারী দিয়ে শ্রমিকরা তাজ পুতুল নাচ নামের প্যান্ডেল তৈরি করছে। খোঁজ-খবর নিয়ে দেখা যায়, এ আয়োজনের কোনো অনুমতি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছ থেকে নেয়া হয়নি। তবে কোন্ অদৃশ্য শক্তিতে তা করা হচ্ছে তা শহরবাসী জানতে চায়। আরো জানা গেছে, এখানে যারা স্টল দেবে তাদের মধ্যে চটপটি দোকান থেকে ৫ হাজার ও কসমেটিক দোকান থেকে ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নাম না প্রকাশে বেশ কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী জানায়, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ গোলাম হোসেন জুয়েল, যুবলীগ নেতা ইকবাল বেপারী ও ছাত্রলীগ নেতা বিপ্লব এ মেলার আয়োজক। এরা কিভাবে এমন কাজ করছে তাই আমরা জানি না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বছর গেজেট প্রকাশ করেছে সারাদেশের বৈশাখী উৎসব যেনো বিকেল ৫টার মধ্যে সমাপ্ত করা হয়। সেজন্যে জেলা প্রশাসন আয়োজিত ডাকাতিয়া নদীর তীরের তিন দিনব্যাপী বৈশাখী উৎসবের অনুষ্ঠান প্রতিদিন বিকেল ৫টায় সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। নিরাপত্তার জন্যে বেশ কয়েকটি সিসি ক্যামেরাও স্থাপন করা হচ্ছে। এতো নিরাপত্তার বলয় সৃষ্টি করে ডাকাতিয়া নদীর তীরে বৈশাখী উৎসব উদ্যাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বড় স্টেশন মোলহেডে অনুমতি ও নিরাপত্তা ছাড়া এ মেলার আয়োজন কেমন করে করা হচ্ছে।