ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জের মুন্সিরহাট বাজার থেকে রোববার রাতে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ ফরিদগঞ্জ থানা পুলিশের সহায়তায় আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ৪ সদস্যকে অর্থ লেনদেনের সময় হাতেনাতে আটক করে। আটককৃতরা হলো কুমিল্লার দাউদকান্দি উপজেলার রবিন্দ্র চন্দ্র দত্ত (৩০), ফরিদগঞ্জের সাচনমেঘ গ্রামের আনোয়ার (২৮), সাদেক (২৫) ও ভোলাচোঁ গ্রামের আলাউদ্দিন (২৯)। রাতেই এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তাহের আটককৃতদের লক্ষ্মীপুর নিয়ে যান।
জানা গেছে, ১৫/২০দিন পূর্বে লক্ষ্মীপুর জেলা সদর থেকে এক মার্কেটিং রিপ্রেজেন্টেটিভের টিভিএস মোটর সাইকেল চুরি হয়। এ ব্যাপারে তিনি লক্ষ্মীপুর সদর থানায় জিডি করেন। এদিকে মোটর সাইকেল চোর চক্র মোবাইল ফোনে অর্ধেক টাকার বিনিময়ে মোটর সাইকেলটি ফিরিয়ে দেয়ার লক্ষ্যে মোটর সাইকেলের মালিকের সাথে তারা নিয়মিত যোগাযোগ রাখে। লক্ষ্মীপুর থানা পুলিশ সেই সূত্র ধরে ফরিদগঞ্জ থানা পুলিশের সহায়তায় ফাঁদ পেতে পর পর দু দিন তাদের ধরতে ব্যর্থ হয়ে রোববার রাতে মুন্সিরহাট বাজারে ওই মোটর সাইকেল ফিরিয়ে দেয়ার লক্ষ্যে টাকা লেনদেনের সময় তাদের হাতেনাতে আটক করে। এ সময় চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।
