স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জে এক অন্তঃসত্ত্বাকে মারধর করায় মৃত সন্তান প্রসব করেছে হতভাগী ওই নারী। উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের মঞ্জিল হাজী বাড়িতে মর্মান্তিক ও অমানবিক এ ঘটনাটি ঘটে। পারিবারিক কলহের জের ধরে আপন দুই ভাই ও ভাবীদের বেদম মারধরের কারণে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার শিফা আক্তার (২৪) নামে ওই অন্তঃসত্ত্বা নারী মৃত সন্তান প্রসব করেন। হতভাগী শিফা আক্তারের স্বামী আলী আকবরের দাবি- তার ভাই ও ভাইদের নির্যাতনের কারণে তার স্ত্রীর গর্ভে থাকা সন্তানটি মারা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
ঘটনার বিবরণ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই বাড়ির আলী আকবরের (৩৫) সাথে জমি সংক্রান্ত বিষয়ে তার সহোদরদের পারিবারিক বিরোধ রয়েছে। এরই সূত্র ধরে গত ২৮ অক্টোবর আলী আকবরের ভাই প্রতিপক্ষ মোঃ সহিদ উল্লাহ (৪০), মোঃ ইকবাল (৩২) এবং তাদের স্ত্রী রুবী বেগম (২২) ও লাকী বেগম (৩৫) আলী আকবরের বসতঘরের সামনে এসে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এ সময় আলী আকবরের অন্তঃসত্ত্বা স্ত্রী শিফা আক্তার (২৪) ঘর থেকে বের হয়ে তাদের শান্ত করতে চাইলে তারা উল্টো তাকে বেদম মারধর করে। এতে শিফা আক্তার গুরুতর আহত হলে বাড়ির লোকজন তাকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েও পরবর্তীতে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। যেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থা বেগতিক দেখে গতকাল বৃহস্পতিবার চাঁদপুর শহরের মুক্তি হাসপাতালে (প্রাইভেট) অপারেশন করালে শিফা মৃত সন্তান প্রসব করেন। হামলার ঘটনায় ইতিপূর্বে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আলী আকবর বাদী হয়ে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন ( মামলা নং ২০৬, তারিখ ২৯/১০/২০১৫)। এ ব্যাপারে আলী আকবর তার স্ত্রীকে পিটিয়ে ও গর্ভজাত সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
