প্রতিনিধি
মোবাইলে আলাপনের সূত্র ধরে ঘরে এসে দুই কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের পর পুলিশ আটককৃতদের গতকাল বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানোর পাশাপাশি ধর্ষিতা দুই কিশোরীকে চাঁদপুর সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মূলপাড়া গ্রামের ৮ম শ্রেণী ও ৯ম শ্রেণীতে পড়ুয়া দুই চাচাতো বোনের সাথে মোবাইলে কথোপকথনের সূত্র ধরে সম্পর্ক গড়ে উঠে হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের আল-আমিন (১৭) ও ফরিদগঞ্জের বদরপুর গ্রামের রাজুর (২০) সাথে। এরই সূত্র ধরে মঙ্গলবার রাতে ওই দুই যুবক ওই কিশোরীদের বসতঘরে কৌশলে ঢুকে জোরপূর্বক তাদের ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে ওই কিশোরীদের একজন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় বুধবার রাতে মামলা দায়ের করে (নং-১৯। তাং-১৫/৬/২০১৬)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলমগীর এ ব্যাপারে জানান, ঘটনার সত্যতা মিলেছে। আটককৃতদের বৃহস্পতিবার সকালে চাঁদপুর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। ধর্ষিতাদের ডাক্তারী পরীক্ষার জন্যে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
