‘করোনাভাইরাস নিয়ে জনগণের চলমান দুঃসময়ে যেখানে হবে মজুদদারি, সেখানেই
চলবে খবরদারি।’ এমন ব্যতিক্রমী শ্লোগান সামনে নিয়ে মাঠে নেমেছে ফরিদগঞ্জ
উপজেলার সফিকুল ইসলাম পাটওয়ারী নামে এক ইউপি চেয়ারম্যান।
প্রয়োজনের তুলনায় মাত্রাতিরিক্তি চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজার থেকে
ক্রয় করে বাড়ি রওনা দেন এক প্রবাসীর স্ত্রী। ওই খবর পেয়ে তাৎক্ষণিক এলাকার
ইউপি চেয়ারম্যানের নির্দেশে তার চৌকিদার বাজারে গিয়ে উক্ত মালামাল নিয়ে
আসে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। পরে এগুলো জব্দ করে এক পর্যায়ে ক্রয় করা
পণ্যের ১ ভাগ দেয়া হয় ক্রেতা ওই প্রবাসীর স্ত্রীকে, বাকি ২ ভাগ বিনামূল্যে
দিয়ে দেন এতিমখানায়। শুধু তাই নয়, দেশের এ দুঃসময়ে একজন ক্রেতার কাছে
মাত্রাতিরিক্ত পণ্য বিক্রির দায়ে চান্দ্রাবাজারের দোকানীকে সাময়িক শাস্তি
দিয়ে ছেড়ে দেন। জনস্বার্থে অনুকরণীয় এমন দৃষ্টান্তের ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ
উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রাবাজারে।
সংশ্লিষ্ট সূত্র ও এলাকাবাসী জানায়, গতকাল রোববার উপজেলার চান্দ্রাবাজার
থেকে জনৈক প্রবাসীর স্ত্রী তার সংসারের প্রয়োজনের চেয়ে অতিরিক্তি ৫০ কেজি
ওজনের তিন বস্তা চাল, আলু, তেল, লবণসহ বিভিন্ন পণ্য ক্রয় করে বাজার থেকে
বাড়ি রওনা দেন। এ খবর শুনে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান সফিকুর রহমান পাটওয়ারী
তার পরিষদের চৌকিদার পাঠিয়ে ওই প্রবাসীর স্ত্রীসহ তার ক্রয় করা পণ্য আটক
করে ইউপি কার্যালয়ে নিয়ে আসেন। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে ইউপি চেয়ারম্যান
নিশ্চিত হন প্রবাসীর স্ত্রী তার প্রয়োজনের চেয়ে মাত্রাতিরিক্ত পণ্য ক্রয়
করেন।
ঘটনার সতত্য স্বীকার করে ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম পাটওয়ারী এ
প্রতিনিধিকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে দেশে চলমান এ দুঃসময়ে এখন থেকে যেখানে
চলবে মজুমদারি, সেখানেই চলবে খবরদারি’ এ শ্লোগান নিয়ে আমার ইউনিয়নের
হাট-বাজারে প্রতিদিন মনিটরিং চলবে। কেউ যেনো প্রয়োজনের তুলনায়
মাত্রাতিরিক্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে না পারে সেজন্যে জনস্বার্থে
আমার কঠোর ভূমিকা থাকবে।
ফরিদগঞ্জের ইউএনও শিউলী হরি বলেন, দেশের চলমান এ দুঃসময়ে জনস্বার্থে সবার
মধ্যেই মানবিক গুণাবলি জাগ্রত হতে হবে। যার অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে
জনস্বার্থে ভূমিকা নিয়েছেন ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম পাটওয়ারী।
