
ফরিদগঞ্জ প্রিতিনিধি====
ফরিদগঞ্জে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবুল খান (৪২) নামে এক লম্পটকে আটক করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে আটক বাবুলকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে থানায় বাবুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই উপজেলার খাঁড়খাদিয়া গ্রামে বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে আসে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, অভিযোগ পাওয়ার পরেই আমরা বাবুলকে গ্রেফতার করি। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের হয়।
মামলার এজহারে ধর্ষিতার মা অভিযোগ করেন, গত বুধবার আমার মেয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বাবুলের বাড়ির সামনে দিয়ে স্কুলে যাওয়ার সময় বাবুল তাকে একই বয়সী তার নিজের মেয়ে জরুরি প্রয়োজনে ডাকছে বলে মিথ্যা কথা বলে বাড়ির দোতলায় নিয়ে যায়। এক পর্যায়ে নির্জন বাড়িতে বাবুল আমার মেয়েকে মাথার স্কার্প দিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এতে মেয়েটি মারাত্মক রক্তাক্ত জখম হয়।
এদিকে ধর্ষণের ঘটনা কাউকে না বলার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষিতা ছাত্রীটিকে বাড়ি পাঠিয়ে দেয় বাবুল। কিন্তু গুরুতর আহত ধর্ষিতা তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে দেয়। পরে স্থানীয় মাতব্বররা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। জানা গেছে, একাধিক বিয়ে করা বাবুল এর আগেও বেশ ক’টি অপকর্ম করে পার পেয়ে যায়।
