ফরিদগঞ্জে ইয়াছিন মোল্লা (১১) নামে এক মাদ্রাসা ছাত্র গত ৫৬ দিন যাবত নিখোঁজ রয়েছে। চলতি বছরের ২৪ আগস্ট উপজেলার চর রাঘবরায় দারুল উলুম রশিদিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার পর গতকাল ১৯ অক্টোবর শনিবার বিকেলে তার পিতা ফরিদগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি (নং-৯৫২, তাং-১৯/১০/১৯) করেছেন।
ইয়াছিন মোল্লার পিতা লিটন মোল্লা জানান, গত প্রায় ৪/৫ মাস পূর্বে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চর রাঘবরায় গ্রামে অবস্থিত দারুল উলুম রশিদিয়া মাদ্রাসায় ভর্তি করান। এরপর সে বাড়ি থেকে প্রতিদিন মাদ্রাসায় আসা-যাওয়া করে ক্লাস করতো। ২৪ আগস্ট রাতে বাড়ি ফেরার সময় সে ঐ মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাহমুদুল হাসান মোহাম্মদীর কাছে বলে, আমার আব্বা বলেছেন, আমাকে আর এই মাদ্রাসায় পড়াবেন না। এরপর মাদ্রাসা থেকে বের হয়ে আর ফেরেনি।
লিটন মোল্লা আরো জানান, দুদিন বাড়ি না ফেরায় তিনি মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাহমুদুল হাসান মোহাম্মদীকে ফোন দিলে অধ্যক্ষ উপরোক্ত কথা জানান। পরে আত্মীয় স্বজনসহ বহু স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। ১৯ অক্টোবর শনিবার বিকেলে তিনি ফরিদগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।
