প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলা কৃষি অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪শ ৩০জন কৃষকদের মাঝে মৌসুমে উপশি আউস ধান ও নেরিকা আউস প্রনোদনা কর্মসূচীর আওতায় সার ও বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া মৎস বিভাগের উদ্যোগে নিবন্ধিত প্রশিক্ষণ প্রাপ্ত ৪০জন জেলের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১৬ এপ্রিল সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ উপকরণ সামগ্রী বিতরণ করেন, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষকদের স্বাভলম্বি করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করছে। বিগত সরকারের আমলে কৃষকরা সারের জন্য গুলি খেতে হয়েছে তবুও সারের দেখা মিলতো না। এখন সার কৃষকের চাহিদা মোতাবেক পাওয়া সম্ভব হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ও কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীর দিক নির্দেশনায় কৃষি ক্ষেত্রে আজ ব্যাপক পরিবর্তন এসেছে। দেশ আজ কৃষিতে সমৃদ্ধশালী হিসেবে বিশ্বে প্রমানিত হয়েছে। শাহরাস্তির সূচীপাড়া দক্ষিণ ইউপির নরিংপুর এলাকায় প্রায় দুইশত একর জমি সেচের অভাবে ইরি-বোরো কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, আমরা অতিদ্রুত পদক্ষেপের মাধ্যমে সেখানে সেচের ব্যবস্থা করেছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সদস্য মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, উপজেলা মৎস কর্মকর্তা উম্মে হাবিবা মুমু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, খোকন সরকার, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোঃ মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা যুবলীগ আহবায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক দর্জি প্রমুখ। সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
