হাজীগঞ্জের বাকিলা এলাকার গোগরা গ্রামের রং মিস্ত্রী মোঃ আমির হোসেন (৩২)-এর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গত শুক্রবার সকালে আমির হোসেন কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরেনি। সে স্থানীয় গোগরা গ্রামের বেপারী বাড়ির বশির উল্যাহর্ ছেলে। তিনি ১ সন্তানের জনক ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান আমির হোসেন। এরপর থেকে তার খোঁজ নেই। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে তার খোঁজ করে তার সন্ধান মেলেনি। এরই মধ্যে গত রোববার সকালে পার্শ্ববর্তী আবুল মাস্টারের বাড়ির পুকুরে তার মৃতদেহ ভেসে থাকতে দেথে এলাকাবাসী।
বেপারী বাড়ির পুকুরে লাশের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান থানার উপ-পরিদর্শক মোঃ শাহেদ হোসাইনসহ সঙ্গীয় ফোর্স। নিহত আমির হোসেন মৃগী রোগি হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, নিহতের পরিবার ও স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী এবং পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেয়া হয়েছে।
থানার উপ-পরিদর্শক মোঃ শাহেদ হোসাইন জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের পরিবার, এলাকাবাসী ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ উপস্থিত সকলের তথ্যানুযায়ী নিশ্চিত হই আমির হোসেন মৃগী রোগি ছিলেন। তাই নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
