স্টাফ রিপোর্টার: অন্তিম শয্যায় দিনযাপন করছেন ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল হক বাচ্চু মিয়াজী। যেকোনো সময় তিনি ইহজগতের মায়া ত্যাগ করে পরপারে চলে যাবেন। তিনি বর্তমানে চাঁদপুর শহরের ষোলঘর শেখ বাড়ি রোডস্থ হানি সিদ্দিক মেমোরিয়াল হাসপাতালের আইসিইউতে লাইসসাপোর্টে রয়েছেন। বুধবার সন্ধ্যায় তাঁকে ঢাকা থেকে চাঁদপুর নিয়ে আসা হয়। চিকিৎসকের পরামর্শেই তাঁকে চাঁদপুর নিয়ে আসা হয়। ঢাকা থেকে রিলিজ করে দিলে ডাঃ দীপু মনি এমপির পরামর্শে তাঁকে চাঁদপুর হানি সিদ্দিক মেমোরিয়াল হাসপাতালের আইসিইউতে রাখা হয়। এসব তথ্য জানান হানি সিদ্দিক মেমোরিয়াল হাসপাতালের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এসএম মোস্তাফিজুর রহমান।
ডাঃ মোস্তাফিজুর রহমান জানান, আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আনোয়ারুল আজিমের তত্ত্বাবধানে মেডিকেল টিম গঠন করে নূরুল হক বাচ্চু মিয়াজী সাহেবের চিকিৎসা চলছে। তবে তিনি অন্তিম শয্যায়, বলতে গেলে লাইফসাপোর্টে। বাচ্চু মিয়াজীকে দেখতে গতকাল দুপুরে এ হাসপাতালে যান ডাঃ দীপু মনি। এ সময় বাচ্চু মিয়াজীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
