
স্টাফ রির্পোটার ॥ চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযুক্ত মামলার আসামী ধর্ষক আব্দুর রহমান বেপারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। ৩১ জানুয়ারি বুধবার আসামীর বিরুদ্ধে এ ওয়ারেন্ট জারি করেন, চাঁদপুর নারী ও শিশু চীফ জুডিসিয়াল আদালত। আসামী আঃ রহমান বেপারী মদনা গ্রামের মিনা গাজীর ছেলে।
জানাযায়, ২০১৭ সালের ১৮ আগস্ট শুক্রবার রাতে একই গ্রামের মৃত বশির উল্ল্যার স্ত্রীকে আঃ রহমান বেপারী জোর পূর্বক ধর্ষণ করেন। ধর্ষণকালে বিধবা নারীর হাক ডাক ও চিৎকারে বাড়ি এবং তার আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক আঃ রহমান বেপারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারই প্রেক্ষিতে ঘটনার পাঁচ দিন পর ২৩ আগস্ট রওশনারা বেগম বাদী হয়ে চাঁদপুর নারী ও শিশু আদালতে আঃ রহমান বেপারীকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে আদালত ঘটনার তদন্ত সাপেক্ষে আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে চাঁদপুর মডেল থানায় লিখিত চিঠি প্রেরণ করেন।
ওয়ারেন্টের দায়িত্বে থাকা চাঁদপুর মডেল থানার এস আই (পুলিশ পরিদর্শক) বিপ্লব চন্দ্র নাহা জানান, বুধবারদিন আদালত থেকে আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট প্রেরণ করা হয়েছে। ওইদিন রাতে আমি ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করার জন্য গিয়েছি। কিন্তু সে আগে থেকে পলাতক থাকার কারনে আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ্য ঃ ১২ নং চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের একাধিক সূত্র জানিয়েছেন ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুর রহমান বেপারী, এ ছাড়াও ওই এলাকায় আরো ১১ টি ধর্ষনের ঘটনা ঘটিয়েছে। সেগুলো মোটা অংকের টাকার বিনিময়ে এলাকায় ধামা চাপা দিয়েছেন। এটি তার ১২ তম ধর্ষনের ঘটনা। এ ব্যাপারে আব্দুর রহমান বেপারীর সাথে কথা বলতে চাইলে ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।
