
মতলব উত্তর প্রতিনিধি :
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষুশিবির, গাইনী, ডায়াবেটিকস, শিশু ও সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শনিবার সকালে বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন- যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। উদ্বোধনের পর দেশ, জনগণ ও ব্যাংকের সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ বরেন, আমরা সব সময়ই আর্ত-পীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করি। এ ধরনের মহতি উদ্যোগ অতীতে গ্রহণ করেছে, এখনও করছে এবং ভবিষ্যতেও করবে। আমাদের সাধ অনেক হলেও সামর্থ্য খুবই কম। কিন্তু আমরা সীমিত সামর্থ্য নিয়েই দারিদ্র পীড়িত মানুষের কষ্ট ভাগাভাগী করার জন্যই এগিয়ে এসেছি। যা আমাদের সমাজের বিত্তবান মানুষ ও সরকারকে অনুপ্রেরণা যোগাতে সহায়ক হবে। তিনি সকল প্রকার ভেদাভেদ ভুলে আর্ত-মানবতার কল্যাণে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলমের সভাপতিত্বে ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. সাঈদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যমুনা ব্যাংক লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ, উপ- ব্যবস্থাপনা পরিচালক একেএম সাইফুদ্দীন আহমদ, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, সমাজসেবক হাফিজুর রহমান কবির, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠনে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ৩ হাজার ৫শ’ জন রোগীকে চিকিৎসা প্রদান ও ৫শ’২৫ জন রোগীর অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
