
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেছেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ মমিন খান মাখন ছিলেন একজন সৎ নিষ্ঠাবান ত্যাগী আদর্শবান রাজনৈতিক নেতা। তৃণমূল পর্যায় থেকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ছিলেন নিবেদিতপ্রাণ জননেতা। অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত জনদরদী, স্বল্পভাষী, বিনয়ী, দূরদর্শী এই নেতার গণমুখী ও সেবামূলক কর্মকান্ড এলাকাবাসীর মনে স্মরণীয় হয়ে থাকবে চিরদিন।
তিনি ২ এপ্রিল রবিবার বাদ যোহর পুরাণবাজার রঘুনাথপুর জাফর খান বাড়ি জামে মসজিদে চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের উদ্যোগে মরহুম অ্যাডঃ মমিন খান মাখন স্মরনে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
জেলা আওয়ামীলীগ সভাপতি তাঁর বক্তব্যে আরো বলেন, অ্যাডঃ মমিন খান মাখন ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি ছিলেন, বিএলএফ’র (মুজিব বাহিনী) চাঁদপুর মহকুমা আঞ্চলিক কমান্ডার। যুদ্ধপরবর্তীসময়ে আওয়ামীলীগের সঙ্গে যুক্ত থেকে কাজ করে যান।
তিনি ছিলেন একজন মাটির মানুষ, নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তাঁর মতো একজন নির্লোভ রাজনীতিবিদকে হারিয়ে আওয়ামীলীগের যেমন ক্ষতি হয়েছে তেমনি দেশেরও ক্ষতি হয়েছে।
তিনি বলেন,দেশকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই। আর সোনার বাংলা গড়ার জন্য যে সোনার মানুষ প্রয়োজন মমিন খান মাখন চাঁদপুরের একজন সোনার মানুষই ছিলেন। তিনি বঙ্গবন্ধুকে ভালবেসে মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন।
তাঁর অম্লান স্মৃতি তাঁর ভক্ত শুভানুধ্যায়ীরা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন বেগম ইন্ডাস্ট্রিজ এর পরিচালক হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী পৌর আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর মাহফুজ বেপারি, মুক্তিযোদ্ধা সন্তান চাঁদপুর জেলা সংসদের সদস্য সচিব অ্যাডঃ ফরহাদ হোসেন ফয়সাল, সম্মানিত মুক্তিযোদ্ধাগণ ও মরহুম মমিন খানের ভাতিজা আহমদ আলী।
এছাড়া জাফর খান বাড়ি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল, সেলিম খান, আবু খান, ইউনুছ খান প্রমুখ। পরে অ্যাডঃ মমিন খান মাখন রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ নাহিদ খান।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, চাঁদপুর মহকুমা দক্ষিণ অঞ্চলীয় বিএলএফ কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুুুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল মমিন খান মাখন গত ২২ এপ্রিল সকালে ইন্তেকাল করেন।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
