প্রতিনিধি
আসাম-বাংলার গেটওয়ে খ্যাত নদীবন্দর চাঁদপুরকে বাণিজ্যিক গুরুত্ব দিয়ে ব্রিটিশ আমলে তৈরি হয় চাঁদপুর-লাকসাম রেলপথ। এখন ভয়াবহ ঝুঁকিতে। যেকোন মূহুর্তে বড় ধরণের দুর্ঘটনার আংশকা রয়েছে। আজ শুক্রবার চাঁদপুর-লাকসাম রেল সড়কে আবারো উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধারকাজ শেষ করে ফেরার সময় রেল সড়কের হাজীগঞ্জের কংগাইশ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনদিন ধরে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ থাকার পর শুক্রবার বিকেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
হাজীগঞ্জ রেলস্টেশনের মাস্টার আবুল কাশেম ট্রেন চলাচল স্বাভাবিক নিশ্চিত করে বলেন, ট্রেনের গতিবেগ কমিয়ে ট্রেন চালকদের নির্দেশ দেয়া হয়েছে। রেল লাইনের কিছু অংশে রিফারিং কাজ চলছে।
এর আগে তেলবাহী একটি ট্রেন ৩০টি বগি নিয়ে চট্টগ্রাম থেকে চাঁদপুর যাওয়ার পথে বুধবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকায় এর ৯টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে ৩টি বগি রেললাইন থেকে পুরোপুরি ছিটকে পড়ে। এর ফলে চাঁদপুর-লাকসাম রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, অতি পুরানো এ লাইনের রেলগুলো ক্ষয়ে গেছে, রেললাইন থেকে সরে গেছে মাটি ও পাথর, ভাঙ্গা স্লিপারের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। যদিও চাঁদপুর-লাকসাম রেলপথের গতি ঘণ্টায় ৫২ কিলোমিটার। আর এ কারণে প্রায় সময় রেলের ইঞ্জিন, কখনো আবার বগি লাইনচ্যুত হয়।
চাঁদপুর রেলওয়ে কার্যালয় সূত্রে জানা গেছে, গত আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদপুর-লাকসাম রেল সড়কের রি-মডেলিং কাজ শুরু হয়। ১শ ৬৮ কোটি টাকা ব্যয়ে রি-মডেলিং কাজ চলছে।
আর এই কাজ ধীরগতিতে চলার কারণে পুরাতন লাইনে ঘটছে অহরহ দুর্ঘটনা। এর মধ্যে মৈশাদী, শাহতলী,কংগাইশ, ওয়ারুক, চিতোষী এলাকায় রেলের অনেক অংশে পাথর না থাকার কারণে আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
ট্রেনের সিডিউল নড়চড় হওয়া যাত্রীরা ভোগান্তির কথা স্বীকার কওে চাঁদপুর রেলস্টেশনের সহকারী মাস্টার মো. সিরাজুল ইসলাম বলেন, রেলপথের নিরাপত্তা না হলে দুর্ঘটনার বিষয়টি উড়িয়ে দেয়া যাবে না। তবে কতৃপর্ক্ষ এ বিষয়ে দ্রুত কাজ করে যাচ্ছে।
চাঁদপুর-লাকসাম রেলওয়ের সহকারী প্রকৌশলী (পথ) মো. লেয়াকত আলী বলেন, কাজের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত রয়েছে। তবে ওই মেয়াদের মধ্যে পুরো কাজ শেষ করা যাবে না। তাই পুনরায় সময় যাওয়া হবে।
তিনি আরো বলেন, চাঁদপুর-লাকসাম রেল সড়কের ৫২ কিলো মিটারের মধ্যে ইতোমধ্যে ৬০ ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে।
ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল প্রসঙ্গে তিনি বলেন, ট্রেনের গতিবেগ কমিয়ে চলার নির্দেশনা রয়েছে।
