স্টাফ রিপোর্টার: ॥ মেঘনা নদীতে বালুভর্তি বাল্কহেটের সাথে ধাক্কা লেগে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি গ্রীন লাইন-৩ দুই শতাধিক যাত্রী নিয়ে বিকল হয়ে পড়েছে। ১৮ মে শুক্রবারসকাল ১১টার সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ও মোহনরপুর এলাকার মাঝামাঝি স্থানে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার কবলে পড়া দ্রুতগামী এ লঞ্চটি বর্তমানে ওই এলাকায় ভাসমান রয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
এমভি গ্রীন লাইনের ম্যানেজার মো. শামছুল আরেফীন জানান, সকাল ৮টায় ২শতাাধিক যাত্রী নিয়ে সদরঘাট থেকে ছেড়ে আসে গ্রীন লাইন-৩। ঘটনাস্থলে এসে দুই পাশে থাকা বেশ কয়েকটি বাল্কহেটের গতিবেগ উল্টাপাল্টা দেখে মাইকিং করে সরে যাওয়ার জন্য বলে। তারপরেও একটি কালো কালারের বাল্কহেটের মাথায় আঘাত লেগে গ্রীন লাইনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এটি দুপুর ২টায় বরিশালে পৌঁছানোর কথা।
গ্রীন লাইনের মাষ্টার মো. নাছির উদ্দিন জানান, দুপুর ১২টায় সদরঘাট থেকে গ্রীন লাইন-১ যাত্রীদের উদ্ধার করার জন্য রওয়ানা হয়েছে। এটি যাত্রীদের বরিশাল পৌছাবে এবং ফেরার পথে গ্রীন লাইন-৩ কে টেনে সদরঘাটে পৌঁছাবে।
চাঁদপুর নৌ-পুলিশের দায়িত্বরত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার পর গ্রীন লাইন-৩ ঘটনাস্থলেই আছে। আর ধাক্কা খেয়ে বাল্কহেটটি নদীতে ডুবে গেছে। বাল্কহেটে থাকা ৩জন সাঁতরিয়ে পাড়ে উঠেছে। নিরাপত্তার জন্য বর্তমানে গ্রীন লাইন-৩ এর নিকট মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে।
