চাঁদপুর নিউজ রিপোর্ট
মতলব দক্ষিণ উপজেলার নাগদা এলাকায় জৈনপুর পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে উল্টে পড়ে গেছে। এতে বাসে থাকা কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন : গাড়ি চালক নজরুল ও নারায়ণপুর ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মাহমুদা বেগম, সমাজকল্যাণ বিভাগের প্রভাষক হাওয়া আক্তার, মনির, সাইফুল, সুমন, আকাশ, মোখলেছুর রহমান, কুদ্দুছ, মতিন।
গতকাল ৯ জুন সকাল আনুমানিক সোয়া দশটায় মতলব-গৌরিপুর-পেন্নাই সড়কের নাগদা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জৈনপুর পরিবহন (ঢাকা মেট্টো-জ-১১-২৪৩৬) বাসটি নাগদা এলাকায় আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা কমপক্ষে ১৫ যাত্রী কমবেশি আহত হয়েছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসটি পুকুর থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
