
প্রতিনিধি
মতলব শহরের ৩নং ওয়ার্ড দশপাড়া এলাকার নূরানী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক (৯০) খুন হয়েছেন। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাদকসেবী ইয়াকুব খান বিপ্লব নামে এক যুবক তাকে এলোপাতাড়ি আঘাত করে। এতে ইমাম গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় ইমামের মৃত্যু হয়। ওই মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ হত্যাকা- ঘটানো হয় বলে জানা গেছে। আর ঘাতক বিপ্লবকে ওইদিন রাতেই আটক করা হয়।
ইমামের মেয়ে নাছিমা আক্তার জানান, প্রতিদিনের মতো আমার বাবা ওইদিনও মসজিদে জোহরের নামাজের আজান দিচ্ছিলেন। আজানরত অবস্থায় মসজিদে প্রবেশ করে বিপ্লব তার উপর অতর্কিত হামলা চালায়। তাকে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। বাবার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিপ্লব পালিয়ে যায়। পরে তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে প্রথমে চাঁদপুর ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায়। সেখানেই চিকিৎসারত অবস্থায় রাত ১০টায় আমার পিতা মৃত্যুবরণ করেন।
স্থানীয় একাধিক এলাকাবাসী জানায়, দশপাড়া নূরানী জামে মসজিদে ইমাম নিয়োগ নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝামেলা চলছে। এ ইমাম নিয়োগকে কেন্দ্র করেই এক পক্ষ হামলা করেছে। হামলাকারী যুবক মাদকসেবী।
নিহত ইমামের মেয়ের জামাই এসএম সাঈদ ইবনে আফিজ বাদী হয়ে গতকাল শুক্রবার সকালে হামলাকারী ইয়াকুব খান বিপ্লবকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামল নং- ০৪। তিনি বলেন, মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। কেননা এলাকার এক পক্ষ এ ইমাম রাখতে চায়, অপর পক্ষ এ ইমামকে অপসারণের দাবি করে।
তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রফিকুল ইসলাম জানান, রাতেই হামলাকারী বিপ্লবকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুব উদ্দিন জানান, আসামীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
