
স্টাফ রিপোর্টার
বাবা-মা পড়ালেখার জন্য চাপ প্রয়োগ করায় অভিমান করে সপ্তম শ্রেণীর ছাত্র সাকিব (১২) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে মতলব উত্তর উপজেলার বেগমপুর গ্রামে এ আত্মহত্যার চেষ্টার ঘটনাটি ঘটেছে।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঐ গ্রামের শাহাদাত হোসেনের ছেলে শাকিব নিয়মিত স্কুলে না যাওয়ায় এবং পড়ালেখা না করায় তা বাবা ও মা তাকে পড়ালেখার জন্য রাগ চাপ প্রয়োগ করলে রাগে ক্ষোভে অভিমান করে গতকাল রোববার দুপুরে তাদের ঘরে থাকা কীটনাশক ঔষধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করে। তার আর্তচিৎকারে তার বাবা-মা ও বাড়ির লোকজন এগিয়ে দ্রুত শাকিবকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্মরত চিকিৎসকরা দীর্ঘক্ষণ চেষ্টা করে তার অবস্থা বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। শাকিব সুজাতপুর বাজার এলাকার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র বলে জানান তার মা ডলি বেগম। তবে তার মায়ের দাবি, সে আত্মহত্যার চেষ্টা করেনি। ভুলবশত ঔষধ মনে করে কীটনাশক সেবন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শাকিবের অবস্থার উন্নতি হয়নি বলেও তারা জানান।
