নিজস্ব প্রতিবেদক ॥ চাঁদপুরের মতলব উত্তরের এমএমকান্দি গ্রামে নাতির হাতে খুন হয়েছেন দাদী তরফুনেছা বেগম (৭৫)। রবিবার দিবাগত রাতে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নাতী মোখলেছ মিয়া (২৬) কে আটক করেছে পুলিশ।
চার ছেলে ও দুই মেয়ে সন্তানের জননী তরুফুনেছার স্বামী মৃত রঙ্গ প্রধান। তার বড় ছেলে আ: রশিদের বড় পুত্র খুনি মোখলেছ।
পরিবার সূত্রে জানা যায়, তরফুনেছার ছোট ছেলে রাশিয়া প্রবাসী। বোববার রাতে সে বাড়ি আসবে তাই পরিবারের সবাই তাকে গ্রহণ করতে ঢাকা শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে যায়। এ সময় বাড়িতে শুধু নাতি মোখলেছ ও দাদী তরফুনেছা ছিল। রাতে কোনো একসময় নাতী মোখলেছ স্বর্ণালংকারের লোভে শ্বাসরোধ করে হত্যা করে বৃদ্ধ দাদিকে। তার লাশ গুম করার উদ্দেশ্যে নাতি লাশ নিয়ে ঘরের ৫০গজ দূরে গেলে ফজরের আযান দেয়।
এসময় মোখলেছ লাশ বাড়ির কুদ্দুছ প্রধানের ঘরের সামনে ফেলে রেখে উপজেলার খাসকান্দি গ্রামে শশুর বাড়ি চলে যায়। সকালে বাড়ির লোকজন তরফুনেছার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সাথে সাথে বাড়ির লোকজন মোখলেছের শশুর বাড়ি গিয়ে তাকে ধরে এনে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. মাহবুবর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। মামলা হলে তদন্ত প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
