
প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের তাফালিং বাজারে ১৫ অক্টোবর মধ্য রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানে থাকা নগদ অর্থসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মান্নান মিজির মোবাইল ফোনের দোকান, সলেমান বকাউলের কাঁচামালের দোকান, তাফাজ্জল পাটোয়ারীর মুদি দোকান, আমির হোসেন বকাউলের স্টেশনারী দোকান ও খোকন শীলের সেলুন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দেয়া তথ্য অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ হবে নগদ অর্থসহ ৩০ লক্ষাধিক টাকা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই বাজারে মান্নান মিজির মোবাইল ফোনের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বাজারে থাকা সেলিম নামে এক পাগল আগুন দেখে ডাক-চিৎকার দিলে আশপাশের মানুষজন এগিয়ে আসে এবং স্থানীয় মসজিদের মাইক দিয়ে সবাইকে জানিয়ে দেয়ার পর শ’ শ’ লোক এসে আগুন নেভানোর চেষ্টা করে। মানুষজন আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই ওই দোকানের আশপাশের ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী দাস তারা, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শহীদ প্রধান, ইউপি সদস্য আঃ মতিন, ইউনিয়ন যুবদলের সভাপতি ইলিয়াস মিয়াজী প্রমুখ।
