
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজারে প্রকাশ্যে গাঁজা বিক্রি ও সেবন করার অভিযোগ পাওয়া গেছে। এলাকার কুখ্যাত চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহ আলম মিজির বিরুদ্ধে এ অভিযোগ রয়েছে।
এলাকার একাধিক সূত্রে জানা যায়, গত ক’ বছর ধরে মহামায়া বাজারে শাহ আলম মিজি (গ্রাম- লোধেরগাঁও) প্রকাশ্যে গাঁজা বিক্রির রমরমা ব্যবসা করতে থাকে। বিভিন্ন এলাকার গাঁজা ক্রেতা ও সেবনকারীদের সকাল থেকে রাত পর্যন্ত আনাগোনা থাকে মহামায়া বাজার বাসস্ট্যান্ড সড়কের দু পাশে। মাদকের মধ্যে গাঁজা ও ইয়াবা বিক্রি করে থাকে। এছাড়া গাঁজা সেবনকারীরা বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা পতিতাদের নিয়ে সারারাত অশালীন কর্মকাণ্ডে লিপ্ত থাকে। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি যারা মাসিক চাঁদার বিনিময়ে শাহ আলম মিজিকে মদদ দিয়ে আসছে বলে জানা যায়। এসব গাঁজা বিভিন্ন জায়গায় নিয়ে তার সোর্স দ্বারা বিক্রি করে থাকে। পূর্বেও এ সকল কর্মকাণ্ডের জন্য শাহ আলম মিজিকে মাদক মামলায় বেশ ক’বার আটক করা হয়। কিন্তু আইনের ফাঁক-ফোঁকর দিয়ে সে জামিনে এসে সেই ব্যবসা আরও জমজমাট করে তুলেছে। এতে করে এলাকায় গাঁজার ভয়াল ছোবলে ধ্বংস হচ্ছে যুব সমাজ। যার ফলে এলাকায় গাঁজা কেনার জন্য ও সেবনের কারণে দিন দিন অপকর্ম বেড়েই চলছে। এলাকার কেউ কিছু বলতে চাইলে তাদেরকে নানা হুমকি-ধমকি দেয়া হয়। যার জন্য কেউ ভয়ে মুখ খুলতে চায় না। কারণ, তাদের রয়েছে সন্ত্রাসী গ্রুপ। এলাকার সচেতন মহলের দাবি, অচিরেই যদি এসব মাদক বিক্রির সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান না করা হয় তাহলে এলাকায় মাদকের ভয়াল গ্রাসে হারিয়ে যাবে যুব সমাজের ভবিষ্যৎ।
