
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী কমিউনিটি ক্লিনিকের সম্প্রসারিত নতুন ভবন ও ঠাকুরচর আইউব আলী সরকার কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হয়েছে। রোববার সকাল ১১ টায় নাউরী ও ১২ ঘটিকার সময় ঠাকুরচর আইউব আলী সরকার কমিউনিটি ক্লিনিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে সকল খাতে উন্নয়ন করছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সকল খাতে উন্নয়ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজের জীবনকে চ্যালেঞ্জ করে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তৃনমুল পর্যায়ের মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চালু করেছেন কমিউনিটি ক্লিনিক। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিতে কাজ করছে আওয়ামীলীগ সরকার। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার প্রতিটি ইউনিয়নে ৩-৪ টি করে কমিউনিটি ক্লিনিক হয়েছে, আরও হবে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ একেএম মাহবুবুর রহমান, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লা প্রধান, ছেঙ্গারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক রতন ফরাজী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, ছেঙ্গাচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালী প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
