
করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা আবুল বাশার বাসু মিজির (৭০) মৃত্যুর ৭
দিনের মাথায় তিনি করোনা আক্রান্ত ছিলেন বলে জানা গেলো। গতকাল রোববার
চাঁদপুর সিভিল সার্জন অফিসে আসা ৩৭টি নমুনা পরীক্ষার ফলাফলে একটি রিপোর্টই
পজিটিভ আসে। সেটি আবুল বাশার বাসু মিজির। বাকিগুলো সবই নেগেটিভ আসে। এর আগে
গত ২৭ এপ্রিল সোমবার করোনা উপসর্গ নিয়ে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর
ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের মিজি বাড়ির আবুল বাশার বাসু মিজি মৃত্যুবরণ
করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে
পাঠায়। পজিটিভ রিপোর্টের কথা নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী।
এদিকে করোনা রিপোর্ট পজিটিভ আসায় রোববার দুপুরে ওই গ্রামের ৩টি বাড়ি
লকডাউন করে স্থানীয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি
ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী। এদিকে রিপোর্ট আসায় ওই মৃত ব্যক্তির
সংস্পর্শে আসা ৩ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এরা হলেন
মৃত ব্যক্তির স্ত্রী, তার নাতনি এবং মৃতের দাফনের সময় গোসল করানো এক
ব্যক্তি। তবে বাসু মিজির মেয়ে ও জামাতার নমুনা সংগ্রহ করতে গেলে তারা না
আসার কারণে তা সংগ্রহ করা যায়নি।
বাসু মিজির করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে
ছড়িয়ে পড়লে লোকজন নানা মন্তব্য করে। তারা বলেন, রিপোর্ট দ্রুত আসলে এবং
পজিটিভ হলে তার সাথে সংস্পর্শে থাকা লোকজনের পরিমাণ দ্রুত নির্ণয় করা সম্ভব
হবে। নচেৎ তাদের মাধ্যমে আরো লোকজনের মধ্যে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা
থাকে। তাই নমুনা সংগ্রহ ও দ্রুত রিপোর্টের বিষয়টির উপর নজর দেয়া প্রয়োজন
বলে তারা মনে করেন।
