স্টাফ রিপোর্টার॥ চাঁদপুর থেকে চরাঞ্চলে যেতে পদ্মা-মেঘনা নদী পাড়ি দেয়া যাত্রীবাহী ট্রলার গুলোর উপর ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ২২জুন শুক্রবার শহরের পুরাণবাজার ট্রলারঘাটগুলোতে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে মেঘনার পশ্চির পাড়ের চর এলাকা আলুবাজার থেকে আসা একটি ট্রলারকে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অন্যান্য ট্রলারগুলোকে যাতে আগামীতে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল না করে সেই লক্ষে সাবধান করে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
উল্লেখঃ চাঁদপুর পদ্ম-মেঘনার পশ্চিম পাড়ে বেশ কয়েকটি চড়ে দীর্ঘকাল ধরে বহুলোক বসবাস করে আসছে। ওইসকল চর এলাকার সাথে উন্নত নৌ-যানের যাতায়াত ব্যবস্থা না থাকায় এই রুটে প্রাতিদিন প্রায় অর্ধশত ইঞ্জিন চালিত কাঠ এবং স্টিলের ট্রলার চলাচল করছে। এসব ছোট-নৌযানে করেই নিত্যদিন পদ্মা-মেঘনা পাড়ি দিচ্ছে চর এলাকার মানুষগুলো। এসব ট্রলারে প্রায়ই অতিরিক্ত যাত্রি নিয়ে চলাচল করছে এবং অনেক নৌ-যানে জীবন রক্ষাকারী সরঞ্জাম নেই।
