চাঁদপুর শহরের নাজিরপাড়ায় রাতের খাবার খেয়ে দুই কলেজ শিক্ষকসহ একই পরিবারের ৪ জন অচেতন হয়ে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ১৭ মার্চ শুক্রবার দিবাগত রাতে অসুস্থ হয়ে তারা হাসপাতালে ভর্তি হন।
তারা হলেন চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ তাজুল ইসলাম (৪২), তার স্ত্রী দিল আফরোজা (৩৩), বড় বোন পারুল বেগম (৫২) ও বাসার গৃহকর্মী ঝর্ণা আক্তার (২৭)।
তাজুল ইসলামের স্ত্রী দিল আফরোজ জানান, ‘শুক্রবার রাতে তিনি এবং তার ননস ও কাজের মেয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সবাই অনেক বেলা করে ঘুম থেকে উঠেন। প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে চাইলে যারা রাতে খাবার খেয়েছেন তারা ঘুম থেকে উঠার পর মাথা ঘুরে পড়ে যান এবং বমি করতে থাকেন। তাদের এ অবস্থা দেখে পরিবারের লোকজন তাদেরকে অচেতন অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়।’
তিনি আরো জানান, তার স্বামী তাজুল ইসলাম ওইদিন রাতের খাবার খায়নি। তাদেরকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে দুপুরে ভাত খাওয়ার পর তিনিও একইভাবে অসুস্থ হয়ে পড়েন। এতে ধারণা করা হচ্ছে হয়তো কোনো দুষ্ট চক্র চুরির উদ্দেশ্যে খাবারের সাথে নেশা জাতীয় কিছু মিশিয়ে দিয়েছে।
