মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইসমানির চর গ্রামের পাশের মেঘনা নদীতে আজ সকাল সাতটার দিকে এমভি সারস নামের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। লঞ্চটিতে শতাধিক যাত্রী ছিল। স্থানীয় লোকজন ৩০ জন যাত্রীকে উদ্ধার করেছে। বহু যাত্রী এখনও নিখোঁজ রয়েছে। সেখানে উদ্ধার কাজ চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, দুর্ঘটনা কবলিত লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলব উপজেলার কাজীর চর যাচ্ছিল। বালুবাহী একটি বালগেটের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ইঞ্জিন চালিত নৌকায় ঘটনাস্থলে গিয়ে ৩০ জনকে উদ্ধার করেন। কয়েকজন সাতরিয়ে তীরে ওঠেন। পুলিশ বালগেটটি আটক করেছে।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, স্থানীয় লোকজন ৩০ জনকে উদ্ধার করেছে। এ ছাড়া উদ্ধারকারী জাহাজ রুস্তম উদ্ধার ততপরতা চালাতে ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানান তিনি।
চাঁদপুর নিউজ সংবাদ
