প্রতিনিধি
চাঁদপুর পৌরসভা দু’দিনের অভিযানে শহরের অনেক ব্যস্ত রাস্তা যেন ফাঁকা হয়ে যাচ্ছে। পৌর মেয়র নাছির উদ্দিন আহাম্মেদের নির্দেশে শহরের রাস্তার দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ। ফুটপাতগুলো দখলমুক্ত হওয়ায় পৌর নাগরিকদের জীবনের মাঝে যেন স্বস্তি ফিরে এসেছে। শহরের বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযানে দায়িত্ব পালন করছেন চাঁদপুর পৌরসভার একটি বিশেষ টিম।
গতকাল রোববার থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। গত ২ দিনের অভিযানে শহরের অনেক রাস্তা ঘাট ফাঁকা হয়ে গেছে। গতকাল ও রোববার পুরাণবাজার-নতুনবাজার ব্রীজ সংলগ্ন পালবাজার এলাকা, কালীবাড়ি রেলস্টেশন, চাঁদপুর হকার্স মার্কেট, নতুনবাজার, জোড়পুকুর পাড়, কেন্দ্রীয় শহীদ মিনার, হাসান আলী স্কুলের সামনের দোকানপাট, বেশ ক’টি জায়গার ফুটপাত ও অন্যান্য স্থানে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করে দেয়া হয়। উচ্ছেদ অভিযানে শহরের চেহারা যেন অনেকটা পাল্টে গেছে।
চাঁদপুর পৌরসভার বিশেষ টিমের এ অভিযানের দায়িত্ব রয়েছেন পৌরসভার কর আদায় শাখার প্রধান ও বাজার পরিদর্শকের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা তৌহিদুল ইসলাম চপল। অন্যান্যের মধ্যে ছিলেন চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক ফয়সাল শেখ, কর আদায়কারী কর্মকর্তা শাহজাহান মাঝি, এমদাদ হোসেন, সাজ্জাদ হোসেন, শাহজাহান মিয়াসহ পৌর কর্মকর্তা ও কর্মচারীগণ।
