শাহরাস্তিতে মোঃ সাইফুল ইসলাম (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের পরাণপুর বড় বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন সাইফুল তার বড় ভাই মিলনের (২৮) সঙ্গে স্থানীয় হোসেনপুর বাজারে স’মিলে কাঠ ভাঙ্গানোর কাজ করেন। রাতে তিনি প্রতিদিনের ন্যায় খাবার খেয়ে সকলের সঙ্গে ঘুমাতে যান। সকালে তার স্বজনরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এক স্বজন সাইফুলকে তাদের দালানের ছাদ সংলগ্ন গাছের সাথে ঝুলতে দেখে চিৎকার করেন। তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জড়ো হয়। এ খবর ছড়িয়ে পড়লে তার শিক্ষা প্রতিষ্ঠান রহিমানগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ তার বাড়িতে ভীড় জমায়।
স্থানীয় ইউপি সদস্য আবু মিয়া সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করলে থানার উপ-পরিদর্শক (এসআই) সমীর মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে চাঁদপুর মর্গে প্রেরণ করেন। সাইফুল ওই গ্রামের আবদুল বারেকের ছোট পুত্র।
