স্টাফ রিপোর্টার:
শাহরাস্তিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও থানা পুলিশ সূত্র জানায়, পৌরসভাধীন ১২নং ওয়ার্ডের দক্ষিণ বিষারা গ্রামের সৌদি প্রবাসী হিরণ মিয়ার বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ২টায় কালো মুখোশ পরিহিত সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্র-শস্ত্র নিয়ে বাড়ির কলাপসিপল গেটের তালা কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে বাসার দরজার লকার ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জানালার সাথে বেঁধে ফেলে। এ সময় তারা ডাক চিৎকার দেয়ার চেষ্টা করলে তাদের বেদম মারধর করে এবং মুখে কাপড় গুঁজে দেয়। ডাকাতদলের সদস্যরা স্টীলের আলমিরার লকার ভেঙ্গে নগদ ৩ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৫টি মোবাইল ফোন, মূল্যবান ইলেকট্রনিঙ্ মালামাল, আসবাবপত্র ও দামী কাপড় চোপড় নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় আহতরা হলেন : গৃহকর্তা হিরণ মিয়া (৫০), স্ত্রী বকুল বেগম (৪০), মেয়ে শারমিন (২০), পুত্র জিহাদ (৮) ও শ্যালক জাহিদ (৩৪)। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ও উপ-পরিদর্শক (এস.আই) আঃ মান্নান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, হিরণ মিয়ার বাড়িতে ডাকাতির খবর শুনে দ্রুত পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
