
শাহরাস্তি ব্যুরোঃ
‘উন্নয়নের জন্য গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিনদিন ব্যাপি ‘উন্নয়ন মেলা-২০১৭’ সমাপ্তি হয়েছে। ৯ জানুয়ারী থেকে শুরু হয়ে ১১ জানুয়ারী পর্যন্ত শাহরাস্তিতে বিপুল উৎসাহ উদ্দিপনা আনন্দঘন পরিবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তৃতীয় দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মেলায় ৪২টি ষ্টলে সরাসরি জনগণকে সেবাদান কার্যক্রম করা হয়। যার প্রেক্ষিতে উপজেলা পরিষদের জুরি বোর্ড ৩টি প্রতিষ্ঠানকে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করে পুরস্কার বিতরণ করেন। এবারের মেলায় ১ম স্থান অধিকার করেছে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২য় স্থান অধিকার করেছে শাহরাস্তি পল্লী বিদ্যুতের জোনাল অফিস ও ৩য় স্থান অধিকার করেছে চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদ। মেলার ৩য় দিন বাড়তি আর্কষণ হিসেবে দর্শকদের মাতিয়ে তুলেন কুমিল্লা থেকে আগত বাবুল বয়াতীর বাউল দল। এছাড়া স্থানীয় শিল্পী প্রশাসনিক দপ্তরের কর্মকর্তারা হাজার হাজার দর্শককে গান গেয়ে আনন্দে মাতিয়ে তোলেন। মেলায় প্রত্যেকটি ষ্টলকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়। মেলায় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজি, পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেলসহ উপজেলার প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।
