শাহরাস্তিতে পল্লীবিদ্যুতের নতুন সংযোগে বাধা দেয়ায়-থানা পুলিশ কর্তৃক ২ ব্যক্তি আটক হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার বানিয়া চোঁ গ্রামের মোল্লা বাড়ির আব্দুল ওহাবের পুত্র মোঃ জামাল হোসেন(৪২) ও মোঃ কামাল হোসেন (৩০)। গতকাল রোববার বিকেল ৫ টায় ঘটনাটি ঘটে।
জানা যায়, একই বাড়ির শামসুল হকের পুত্র মোঃ বিল্লাল হোসেন মাস্টারের নিজ বসতঘরের অনুমোদনকৃত বিদ্যুত মিটারে নতুন সংযোগ স্থাপনকালে বাধা প্রদান করে আটককৃতরা। এ সময় বিদ্যুৎ সংযোগে নিয়োজিত কর্মীরা সংযোগ না লাগিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশক্রমে অফিসে চলে যায়। এ সময় সংযোগ গ্রহণকারী ও বাধা দানকারিদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিল্লাল মাস্টার বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের আলোকে পুলিশ উপ পরিদর্শক (এস আই) আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে বাধা দানকারী ২ ব্যাক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বিল্লাল হোসেন মাস্টার বলেন, আমার নিজ সম্পত্তির উপর স্থাপিত বসত বাড়িতে অনুমোদনকৃত বিদ্যুৎ সংযোগ লাগানোর সময় প্রতিপক্ষরা পল্লীবিদ্যুৎ কর্মীদের বাধা প্রদান করেন- যা সম্পত্তিগত বিরোধের সাথে আদৌ সম্পৃক্ত নয়। যে কারনে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছি।
আটক কামাল হোসেন বলেন, আমাদের সম্পত্তি বিল্লাল মাস্টার জোর পূর্বক আত্মসাত করে বাড়ি নির্মাণ করেছে। আমরা ওই জায়গা ফেরত পাওয়ার লক্ষ্যে আদালতে মামলা দায়ের করেছি। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি শাহরাস্তি জোনাল অফিসের ডিজিএম মোঃ ফখরুদ্দিন বলেন, উভয় পক্ষের মধ্যে সম্পত্তিগত বিরোধ- আমাদের জানা নেই। কোন পক্ষই আমাদের লিখিত বা মৌখিকভাবে এ ব্যাপারে অবহিত করেন নি। সংযোগের দিন বাধাদানের ঘটনা ঘটলে আমার অফিসের কর্মরত কর্মীদের চলে আসতে বলি।
শাহরাস্তি মডেল থানার পুলিশ উপ পরিদর্শক (এস আই) আবুল কাশেম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আটককৃতরা অত্যন্ত উশৃঙ্খল আচরন ও অশালীন বাক্যালাপসহ হুমকি-ধমকি প্রদান করে। সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে তাদের আটক করা হয়েছে।
শিরোনাম:
রবিবার , ৩ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

