চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৬ দফা দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টা থেকে দুপুর দেড় টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশ গ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৬ দফা দাবীগুলো হচ্ছে – সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি পূর্বের নিয়মে প্রদান, স্ব-স্ব মন্ত্রণালয়ে স্ব-স্ব ক্যাডার দ্বারা পরিচালিত হতে হবে, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, সবাইকে পদোন্নতির ক্ষেত্রে সমান সুযোগ দিতে হবে ও উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ে সর্বোচ্চ কর্মকর্তাদের পদমর্যাদা একই হতে হবে।
মানববন্ধনে সরকারি কর্মকর্তাদের মধ্যে ডা. মানিক লাল মজুমদার, ডা. দুলাল চন্দ্র ঘোষ, মোঃ সোফায়েল হোসেন, সৈয়দ ফেরদৌস আহমেদ, মোঃ আলী আশ্রাফ খান, মোঃ হাবিব আহসান, মোঃ দেলোয়ার হোসেন, লুৎফা ইয়াছমিন, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ শাখাওয়াত হোসেন, মীর মোস্তফা কামাল, মোঃ জুলফিকার আলী, রাশেদুজ্জামান চৌধুরী, লুৎফুল করিম, রেজাউল করিম, জয়নুল আবেদীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত জাতীয় ও স্থানীয় দৈনিকে কর্মরত সাংবাদিকদের ব্রিফিং করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মানিক লাল মজুমদার ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন। ব্রিফিংকালে তারা জানান, আমাদের দাবী কোন ব্যক্তি বা সরকারের বিরুদ্ধে নয়, আমরা একটি সিদ্ধান্তের জন্য মানববন্ধনে অংশ গ্রহণ করেছি। আমাদের দাবী আদায় না হলে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে পরবর্তী কর্মসূচী গ্রহণ করা হবে।

