শাহরাস্তিতে নিম্নমানের খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে তিনটি খাবার হোটেল ও একটি বেকারীকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার মেহের কালীবাড়ি ও ঠাকুর বাজারে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে ১৪ হাজার টাকার এ অর্থ দ- প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মেহের কালীবাড়ি বাজারের ভাই ভাই (চিটাগাং) বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিপণনের দায়ে মালিক মোঃ ফারুক হোসেনকে ৫ হাজার টাকা, মেহের কালীবাড়ি বাজার মাঠ সংলগ্ন জনতা হোটেলের প্রোপাইটর নূরুল ইসলামকে খোলা স্থানে নিন্মমানের খাবার রাখার দায়ে ৩ হাজার টাকা, পার্শ্ববর্তী ছকিনা হোটেলে খাদ্যের গুণগত মান ঠিক না রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশ হওয়ায় প্রোপাইটর জসিম উদ্দিনকে ৩ হাজার টাকা এবং পরবর্তীতে ঠাকুর বাজারের আমানিয়া হোটেলকে রন্ধনশালায় অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে গুণগতমান ঠিক না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার ভোক্তা অধিকার আইনের ২০০৯/৩৭/৩৮/৫৩ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদ- প্রদান করেন ।
উল্লেখ্য, মেহের কালীবাড়ির ভাই ভাই বেকারীকে পূর্বেও ১০ হাজার টাকা ও অন্যান্য হোটেলকে একইভাবে জরিমানা করা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন শাহরাস্তি থানার এসআই অর্জুন ও সঙ্গীয় ফোর্স, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মফিজুর রহমান।
