
নারায়ণগঞ্জ থেকে মতলবগামী এমভি হৃদয় লঞ্চে ডাকাতি ঘটেছে। ১৬ডিসেম্বর বুধবার দিবাগত রাত ৭টার দিকে ডাকাতির এই ঘটনা ঘটেছে। ডাকাতরা লঞ্চে থাকা প্রায় ৫০/৬০ জন যাত্রীর সর্বস্ব লুট করে নিয়ে যায়।
জানা যায়, বুধবার নারায়ণগঞ্জ থেকে সন্ধ্যায় ৫টা ৪৫ মিনিট সময় মতলবের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি হৃদয় লঞ্চ । মতলবের ষাটনলের কাছাকাছি লঞ্চটি আসলে আনুমানিক ৭ টার সময় ডাকাতদল অস্ত্রের মুখে চালককে জিম্মি করে লঞ্চের যাত্রীদের সর্বস্ব লুটে নেয়।
জনৈক যাত্রী নয়ন মিয়া জানান, লঞ্চটি নির্দষ্ট সময়ের ১০ থেকে ১৫ মিনিট পরে গজারিয়া ঘাটে ভীড়ে। এই ঘাট থেকে কয়েকজন লোক লঞ্চে উঠে।
লঞ্চটি গজারিয়া ও মতলবের ষাটনল সীমানায় আসার পর ডাকাতেরা লঞ্চে ফাঁকা গুলি ছোড়ে। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় ডাকাতরা যাত্রীদের মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকার, যাত্রীদের সাথে থাকা মালামালসহ সর্বস্ব লুটে নেয়।
গত ১৯ নভেম্বর দিবাগত রাত পৌনে ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে মতলবগামী এমভি মকবুল-২ লঞ্চে ডাকাতির ঘটনা ঘটে। তার ২৮ দিন পর বুধবার এমভি হৃদয়ে ডাকাতির ঘটনা ঘটলো।
