স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নস্থ ১৩৮নং কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ৭ এপ্রিল শুক্রবার রাতে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। আর তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ উপহার দিচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষাসহ সকল দিকে এগিয়ে যাচ্ছে। দেশে শিক্ষার হার বাড়ার সথে সাথে শিক্ষার সার্বিক মানোন্নয়ন হয়েছে। সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি প্রধান্য দিচ্ছে। বর্তমানে দেশে নারী শিক্ষার্থীর হার অনেক বেশি। নারীরা এখন আর পিছিয়ে নেই। নারী জাগরণের এ সম্ভবনাকে কাজে লাগিয়ে আমাদের দেশ আরো এগিয়ে যাবে। তিনি বলেন, আমরা চাই এ দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে। এজন্যে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। ক্ষুধা, দারিদ্র এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়াই আমাদের মুল লক্ষ্য। আমাদের দেশের আয়তন ছোট, সম্পদও অনেক কম, তবে সম্ভাবনা অনেক রয়েছে। এই সামান্য সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি দেশকে কীভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় শেখ হাসিনা তা প্রমাণ করেছেন। একটা সময় কেউ কল্পনাও করতে পারেনি আমাদের দেশের এতো উন্নয়ন হবে। সকল অপশক্তিকে পদদলিত করে বাংলাদেশ এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, আমি রাষ্ট্রের একজন সাধারণ কর্মচারী। আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি পালন করার চেষ্টা করছি। যদি ব্যর্থ হই তবে আমাকে বের করে দিবেন। ফরাক্কাবাদ কলেজের উন্নয়নের কথা আমাকে বলা হয়েছে। আমি কথা দিচ্ছি এ কলেজে ৪তলা একটি ভবন করে দেবো। আমি যততুটু জানি যে এ এলাকার মানুষ অনেক শিক্ষিত। শিক্ষার আলো বিতরণে আপনারা সবাই কাজ করে যাবেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম, উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, বর্তমান সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডঃ জহিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম মিজি প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ আলম। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
