
চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুর শহরের তালতলায় স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে নিজের গায়ে আগুন ধরিয়ে দিলেন গৃহবধূ হালেমা বেগম (২৫)।
ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে। স্থানীয় এলাকাবাসী জানান, তালতলা গাজী বাড়ির বোগদাদ বাসের কন্ডাক্টর খোকন গাজী নেশা জাতীয় ইয়াবা ও গাঁজাসেবনসহ বিক্রি করতেন। এসব অবৈধ জিনিস ক্রয় করতে শ্বশুর বাড়ি থেকে টাকা আনার জন্য প্রতিদিনই খোকন গাজী তার স্ত্রী হালেমাকে মারধর করতেন। এলাকাবাসী তাদেরকে কোনো ব্যাপারে ডাক দিলে খোকন গাজী তাদের সাথেও খারাপ ব্যবহার করতেন। গত শনিবার রাত সাড়ে ১০টার সময় নেশাগ্রস্ত অবস্থায় বাসায় গিয়ে হালিমাকে বেদম মারধর করেন। তাদের ঘরে ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। খোকন তার স্ত্রীকে মারধর করে রাস্তায় বেরিয়ে পড়েন। রাত সাড়ে ১২টায় বাড়ির লোকজন দেখেন খোকনের ঘরে আগুন জ্বলছে। ভিতর থেকে দরজার ছিটকিনি আটকানো। এলাকাবাসী দরজা ভেঙ্গে দেখে হালিমার পুরো শরীরে আগুন জ্বলছে। এ সময় তার শরীরের সামনের ও পিছনের অনেক অংশ পুড়ে যায়। স্থানীয়রা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। মুমূর্ষু অবস্থায় তাকে পরিবারের লোকজন ঢাকায় নিয়ে যান। বর্তমান তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। স্থানীয় এলাকাবাসী নেশাগ্রস্ত খোকন গাজীর সুষ্ঠু বিচার দাবি করেছেন প্রশাসনের কাছে।
