প্রতিনিধি
মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সুজাতপুর বাজার এলাকায় অন্যের জায়গা দখল করে হাইকোর্টের আদেশ অমান্য করে সাইজুদ্দিন আহম্মেদ নামে জনৈক ব্যক্তি বহুতল বিশিষ্ট ‘আবুল হোসেন সুপার মার্কেট’ নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, উক্ত ব্যক্তি চাঁদপুর যুগ্ম জেলা জজ ১ম আদালতের মাধ্যমে হাইকোর্টের আদেশের কপি পাওয়ার পরও উক্ত আদেশকে তোয়াক্কা না করে মার্কেটের কাজ করে যাচ্ছে।
এ ব্যাপারে উক্ত ভূমির যৌথ খরিদ সূত্রে মালিক দাবিদার আবু ছালেহ মোঃ খুরশীদ আলম চাঁদপুর যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেঃ মামলা নং ১৯/১৪ দায়ের করলে উক্ত মামলার গত ০৫/০৬/১৪ তারিখের আদেশের বিরুদ্ধে বাদী মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আপিল করেন যার মামলা নং এফএমএটি নং ৫১০/২০১৪। যার প্রেক্ষিতে গত ২৪/৭/২০১৪ তারিখে সিভিল রুল নং ৬৪৪ (এফএম) ২০১৪-এর মাধ্যমে হাইকোর্ট উক্ত নির্মাণাধীন ভবনের নির্মাণ কাজসহ নালিশী ভূমির আকার-প্রকৃতির পরির্বতন না করার জন্য ৪মাসের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। পরে গত ০৩/০৮/২০১৪ তারিখে বাদী যথারীতি বিবাদীকে মহামান্য হাইকোর্টের আদেশ অবহিত করেন এবং চাঁদপুর যুগ্ম জেলা জজ ১ম আদালতের মাধ্যমে হাইকোর্টের আদেশের কপি পাওয়ার পরও সাইজুদ্দিন আহম্মেদ হাইকোর্টের আদেশ অমান্য করে নির্মাণ কাজসহ নালিশী ভূমির আকার-প্রকৃতির পরির্বতনশীল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

