
হাইমচর উপজেলার চরপোড়ামুখী গ্রামে মৃত আলী আরশাদ রাড়ির বাগান থেকে
মিস্টার রাড়ি নামক এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে হাইমচর থানা
পুলিশ। গতকাল বৃহস্পতিবার চরপোড়ামুখী গ্রামের হাসিম রাড়ির ছেলে মিস্টার
রাড়ির মৃতদেহ একটি পরিত্যক্ত বাগানে দেখে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেন।
এই সংবাদে চাঁদপুর জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন টিম তদন্তের জন্যে
ঘটনাস্থলে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেলে দুই ভাই মিলে কাজ করে বাড়ি আসার
পর থেকে মিস্টারের খোঁজ পাওয়া যায়নি। রাতে তার বাড়ির লোকজন খোঁজাখুঁজি করলে
কোথাও তার সন্ধান মিলেনি। গতকাল ভোরে আরশাদ রাড়ির বাগানে লাশ দেখে তার
পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়ে।
সরেজমিনে দেখা যায়, খুনিরা মিস্টারের মাথায় আঘাত করেছে। তার গলায় কাপড়ের চাপ পড়ে আছে এবং মাথা থেকে রক্ত ঝরছিলো।
এ ব্যাপারে নিহতের ভাই আক্তার জানান, আমার ভাইয়ের সাথে কারো কোনো শত্রুতা
ছিলো না। আর কোনোদিন কারো সাথে ঝগড়া করতে দেখিনি। আমরা দুই ভাই কাজ শেষে
বাড়ি ফিরি একসাথে। বিকেল থেকে তার কোনো খোঁজ পাইনি। মিস্টারের লাশ হাইমচর
থানা পুলিশ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।
