হাইমচরে গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া চক্ষু চিকিৎসককে আটক করেছে হাইমচর থানা পুলিশ। পরে নিয়মিত মামলা দিয়ে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। জানা যায়, ফরিদগঞ্জের মদনেরগাঁও গ্রামের সুবাস চন্দ্র দেবনাথের ছেলে মিথুন চন্দ্র দেবনাথ (২৭) দীর্ঘদিন ধরে উপজেলার আলগী বাজারে সোনালী ব্যাংক সংলগ্ন ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা দিয়ে আসছিল। নিজেকে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক বলে জাহির করতে বেশ কিছু বিলবোর্ড স্থাপন করে হাইমচরে। গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানার ওসি তদন্ত মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ ফোর্স ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার থেকে মিথুনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে, তার চক্ষু বিশেষজ্ঞের কোনো সার্টিফিকেট নেই। সে ভুয়া চিকিৎসক।
এ ব্যাপারে হাইমচর থানার অফিসার ইনচার্জ রনোজিত রায় জানান, সাধারণ মানুষের সরলতার সুযোগে প্রতারক মিথুন চন্দ্র দেবনাথ ভুয়া চক্ষু চিকিৎসক হিসেবে কাজ করে আসছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করি। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং ৪, তারিখ ১৪/০২/১৮ খ্রিঃ। তাকে প্রশ্রয়দাতা হিসেবে যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
