
চাঁদপুর : চাঁদপুরে অসুস্থ বাবার জন্য ওষুধ কিনতে গিয়ে লাশ হলেন পথে। জেলার হাইমচরে দুদিন আগে মোবারক গাজী নামে ওই যুবক নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে নিহতের বাবা গনি গাজী বাদী হয়ে অভিযুক্ত চারজনকে আসামি করে এই মামলা করেন।
এ ঘটনায় সরাসরি জড়িত রাজন (২৩) ও মোহন (২১) দুই ভাই এবং আলমগীর (২৫) ও সোলাইমান (২৩) নামে আরো দুই ভাইকে আসামি করা হয়।
রবিবার (২১ মার্চ) সকালে হাইমচর থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, এরই মধ্যে পুলিশ সোলাইমান নামে একজনকে গ্রেপ্তার করেছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
গত শুক্রবার রাতে হাইমচর উপজেলার বাংলাবাজার এলাকায় অসুস্থ বাবা গনি গাজীর জন্য ওষুধ কিনতে যাওয়ার পথে বখাটে রাজন, মোহন, আলমগীর ও সোলাইমান চক্রের কবলে পড়েন মোবারক গাজী। এ সময় তাদের নির্মম ছুরিকাঘাতে প্রাণ হারান মোবারক গাজী।
এ ঘটনায় মহিন খান ও মইন ভূঁইয়া নামে আরো দুজন মারাত্মক আহত হন। আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের পরিবারের দাবি, ঘটনার সময় বিবদমান দুই দল যুবকের মাঝে পড়ে লাশ হতে হলো পথচারী মোবারক গাজীকে। এ জন্য ছেলে হত্যার বিচার চান মা তাসলিমা বেগম।
খোঁজ নিয়ে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ঘটনার দিন ইমরান নামে একজনকে মারধর করে ওই বখাটে চক্র।
আর এ ঘটনার কারণ জানতে শুক্রবার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহজাহান ভূঁইয়ার ছেলে মহিনসহ দুজন ওই বখাটে চক্রের মুখোমুখি হয়। এ সময় তাদের সঙ্গে মারামারি শুরু হলে পথচারী মোবারক গাজীও ছুরিকাঘাতের শিকার হন।
চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, ঘটনায় জড়িতদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে পলাতক যারা আছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে।
নিহত মোবারক গাজী রাজধানী ঢাকায় একটি জুতার দোকানের কর্মচারী ছিলেন। তিনি অসুস্থ বাবাকে দেখতে গ্রামের বাড়িতে গিয়ে এলাকার চিহ্নিত বখাটেদের হামলায় নির্মমভাবে প্রাণ হারান। স্থানীয়দের অভিযোগ, বাংলাবাজার এলাকায় দুই জোড়া ভাইদের বখাটেপনা আর সন্ত্রাসী কার্যকলাপে তারা অতিষ্ঠ।
চাঁদপুরনিউজ/এমএমএ/
