প্রতিনিধি
হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের উত্তর পাড়াবগুলা গ্রামে হাইমচর থানা পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দরগঞ্জ এলাকার ২ মাদক ব্যবসায়ীকে ২ লাখ ১০ হাজার টাকা ও ৬০ পিচ ইয়াবা, গাঁজাসহ আটক করেছে।
গতকাল ১৩ মার্চ রাত ১২টায় হাইমচর থানার এসআই মোঃ ইউনুছ ও এএসআই মোঃ আনোয়ার গোপন সংবাদের ভিত্তিতে হাইমচরের চরভৈরবী এলাকায় যৌথ অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী এসআই মোঃ ইউনুছ জানান, সংবাদের ভিত্তিতে রাস্তায় জলিলসহ কজন মাদক বিক্রি ও সেবন করা অবস্থায় ফোর্সের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জলিলকে আটক করি এবং তার দেহ তল্লাশি করে গাঁজা ও ইয়াবা সেবনের উপকরণ পাই। জলিলের তথ্য মতে রায়পুর থানার চরআবাবিল গ্রামের মাদক ব্যবসায়ীদের গডফাদার নুরু মিয়ার স্ত্রী মিনারা বেগমকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করেন।
পরে পুলিশ তল্লাশি করে নুরু মিয়ার বাড়ি হতে ৬০ পিচ ইয়াবা, ২০০ গ্রাম গাঁজাসহ নগদ ২ লাখ ১০ হাজার ২শ’ আশি টাকা উদ্ধার করে। মাদক ব্যবসায়ী নুরু মিয়ার স্ত্রী ও তাদের সহযোগীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে হাইমচর থানায় মাদক বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১, তারিখ ১৩/৩/২০১৬ খ্রিঃ
