
রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারী চলতি বছরের ৩০ জানুয়ারি নীলকমল উচ্চ বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের গড়া মানবসেতুতে জুতা পরে হেঁটে যাওয়ায় ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ দেশব্যাপী নিন্দার ঝড় উঠে। আলোচিত সেই ঘটনার মামলায় চাঁদপুরে শিশু আদালত ২৯ মার্চ তার জামিন মঞ্জুর করেন। মামলার বাদী আঃ কাদের গাজী পরবর্তীতে তার জামিন আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিভিশন মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার সকালে হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ রিভিশন মামলাটি গ্রহণ করে চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীর জামিন আদেশ বাতিল করেন এবং আগামী ৪ সপ্তাহের মধ্যে চাঁদপুরের চিফ জুডিসিয়াল আদালতে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। বাদী আঃ কাদের গাজীর মামলার আইনজীবী মোঃ সারোয়ার হোসেন ও মোঃ শাহরিয়ার কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
