চাঁদপুর সংবাদদাতা:
জেলার হাজীগঞ্জ উপজেলায় লাভলী আক্তার (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া পাটওয়ারীর বাড়ীর বাগান থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।
ঝুলন্ত কিশোরী লাভলী আক্তার একই গ্রামের দক্ষিণ পাড়া মজুমদার বাড়ীর জাহানারা বেগমের বড় মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, কিশোরীকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। রবিবার সকালে পাটওয়ারী বাড়ীর সপ্তম শ্রেণী পড়–য়া রিনা নামের মেয়েটি লাভলীর মৃতদেহ দেখতে পায়। এর পূর্বে শনিবার ইফতারের পর থেকে কিশোরী নিখোঁজ হয়।
কিশোরীর মামা আবদুল আউওয়াল বলেন, ভাগনিসহ একসাথে আমরা শনিবার সন্ধ্যায় ইফতার করেছি। তারাবি পড়ে এসে শুনি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রবিবার সকাল ৬ টায় তার ঝুলন্ত মৃতদেহ পড়ে থাকার খবর পেয়েছি।
তিনি আরো বলেন, ছোট বেলা থেকে ভাগনি আমাদের কাছে ছিল। তার মায়ের দুই বিয়ে হয়। বাবার নাম খোকন। তারা ছোট থাকতে মায়ের বিয়ে বিচ্ছেদ হয়। তার বাবার বাড়ী বরুড়া উপজেলার পিলগিরি গ্রামে। পরে তার মাকে আমরা হাজীগঞ্জ উপজেলার ওড়পুর গ্রামে বিয়ে দিয়েছি। তারা দুই বোন ও এক ভাই। ছোট বোন সাথী তিন বছর পূর্বে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
কিশোরীর নিকটাত্মীয় হাজেরা বেগমজানান, সে পুলিশের নির্দেশে লাভলীর মৃতদেহ নামিয়ে সুরতাহাল রিপোর্টে সহযোগিতা করেন। তার কাছে জানতে চাইলে বলেন, ‘তার শরীরের কয়েকটি স্থানে রক্তের চিহ্ন দেখা গেছে।’
কিশোরীর মা জাহানারা বেগম বলেন, ‘রাতে মেয়ে নিখোঁজের খবর পেয়েছি। পরে সকালে মৃতদেহের খবর পেয়ে বাবার বাড়ীতে আসি। আমারতো কোন শত্র“ নাই। আমার মেয়ে কেন আত্মহত্যা করলো নাকি কেউ মারলো কিছুই জানি না।’
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ন আহম্মদ বলেন, প্রাথমিকভাবে সুরতাহাল করা হয়েছে। তবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে না। ময়না তদন্তের জন্য কিশোরীর মৃতদেহ চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
শিরোনাম:
বুধবার , ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
