প্রতিনিধি হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৫ মে) বিকেলে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের স্থানীয় চারিয়ানি গ্রামের প্রধানীয়া বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত মাহমুদা আক্তার (৮) ও মো. কাউছার হোসেন (১০) ওই বাড়ির মো. ইউসুফ হোসেনের সন্তান।
ওই এলাকার সাবেক ইউপি সদস্য মুরাদ হোসেন জানান, শনিবার বিকেলে মাহমুদা ও কাউছার নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদেরকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে বিকাল সাড়ে ৫টায় বাড়ির পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন। পরে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করেন।
স্থানীয়দের ধারণা, দুই ভাই-বোন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। আবার অনেকের মন্তব্য, খেলতে গিয়ে বাড়ির পুকুরে দুই ভাই-বোনের কেউ একজন পানিতে পড়ে গেলে, তাকে উদ্ধার করতে গিয়ে দু’জনের পানিতে ডুবে যায়। এ দিকে দুই ভাই-বোনের একসাথে নিহতের ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়–য়া জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে দাফনে আর্থিক সহযোগিতা করা হবে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
