॥ চাঁদপুরের হাজীগঞ্জের শ্রীপুরে ও সদর উপজেলার আশিকাটিতে আরমান (৭) ও মোহাম্মদ (২) নামে ২ শিশু পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে। রবিবার হাজীগঞ্জ উপজেলার শ্রীপুর বেপারী বাড়ীতে সকাল ১১টায় এবং চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকার আশিকাটি গ্রামে দুপুর ১২টায় পৃথক মৃত্যুর ঘটনা ঘটে।
আরমান শ্রীপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে এবং মোহাম্মদ আশিকাটি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
নিহত শিশু আরমানের মামা শরীফ হোসেন জানান, সকালে আরমান তার বোন শেলীর সাথে পুকুরে যায়। পা পিছলে আরমান পুকুরে ডুবে যায়। তাকে খুঁজে না পেয়ে পিতা-মাতাকে জানায়। কিছুক্ষণ পর শিশু আরমান পুকুরে ভেসে উঠলে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করে।
অপরদিকে আশিকাটিতে নিহত শিশু মোহাম্মদের আত্মীয় ওমর ফারুক শাহীন জানান, বাড়ীর অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে সকাল ১১টার দিকে মোহাম্মদ পুকুরে পড়ে যায়। তাকে খুঁজাখুজি করে আর পাওয়া যায়নি। পরে পুকুরে মোহাম্মদের মৃতদেহ ভেসে উঠে। উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত বলে জানান। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. সিরাজুল ইসলাম দু’টি মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

